রাজধানীর শ্যামপুর ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক স্থান থেকে দুই অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক সূত্রে জানা যায়, নিহতদের একজনের বয়স আনুমানিক ৬৫ এবং অন্যজনের বয়স ৭০ বছর।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে শ্যামপুর সালাউদ্দিন পাম্পের পূর্ব পাশে ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ওই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে কামরাঙ্গীরচর এলাকা থেকে আনুমানিক ৭০ বছর বয়সী আরেক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম জানান, রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুযায়ী ওই বৃদ্ধও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


