ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হালিশহর বিস্ফোরণে দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন। পরে তিনি আহতদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের মধ্যে দুজন মারা গেছেন। একজন রোগী ভেন্টিলেশনে আছেন। ভর্তিকৃত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।’

ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রতিবছর মানবসৃষ্ট দুর্যোগে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। ভবিষ্যতে এ রকম দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে কাজ করবে মন্ত্রণালয়।’

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) উন্নত চিকিৎসার জন্য দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। এদের মধ্যে নুরজাহান বেগম ও মো. শাওন নামে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে চার বছরের শিশু আয়েশা আক্তার, ছয় বছরের শিশু ফারহান আহমেদ আনাসসহ সাতজন চিকিৎসা গ্রহণ করছেন।