ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে শ্রমিক দল কর্মীকে কুপিয়ে হত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০২:৩৪ পিএম
প্রতীকী ছবি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশন মার্কেটের ভেতরে মো. অপু (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শ্রমিক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা জানান, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরে একটি টিনশেড ঘর থেকে অপুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত অপুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহত অপুর ভাগিনা রিপন জানান, তার মামা যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন এবং শ্রমিক দলের কর্মী ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

তিনি আরও জানান, অপুর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ছাগলকান্দা গ্রামে। তিনি মৃত বাচ্চা মিয়ার ছেলে। তিনি যাত্রাবাড়ীর ওই মাছের আড়তেই থাকতেন।