রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে নকল ধরতে গিয়ে শিক্ষককে হেনস্তার ঘটনায় অভিযুক্ত এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাসেল মিয়া (৩৪) এলএলবি শেষ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে মারধর ও হেনস্তা করা হয়।
এ ঘটনায় গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে একটি মামলা করা হয়। মামলার ২ নম্বর আসামি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে মারধর ও হেনস্তার ঘটনায় মামলার পর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলামকে ইতোমধ্যে পরীক্ষা থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার সময় দুই শিক্ষার্থী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। পরে সহকর্মী ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


