রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ জীবন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত একটার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবনকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাজু জানান, জীবন পেশায় একজন গাড়িচালক ছিলেন। রাতে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত জীবন নীলফামারী সদর উপজেলার টুপামারি নদীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি বর্তমানে গাবতলী এলাকায় সপরিবারে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন