হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
রোববার (২৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল। তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন