ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযানে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০২:৩৫ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বাড্ডায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাড্ডা থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জহিরুল ইসলাম শ্যাপন (৪৫) এবং জান্নাত ফেরদৌস এনি (৩২)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত স্যামসাং ব্র্যান্ডের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তারা গোপনে মাদক সরবরাহ ও বিপণনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

রোববার (১৭ মে) অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।