রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নাম্বারে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত ইমন মোল্লা মিরপুরের পল্লবী এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছেলে।
সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ২টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই সুমন মোল্লা জানান, গতরাতে ইমন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। পরে মিরপুর ১২ নম্বরে এলাকায় একটি দ্রুত গতির পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয় । বিষয়টি জানতে পেরে গতরাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা পুলিশকে অবগত করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন