ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানের বাসভবনের সামনে থেকে দুজন আটক, ঘটনা কী?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:১৯ পিএম
গুলশান থানার ভবন।

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুই জনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনে থেকে প্রথমে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের অপর আরেক ব্যক্তিকে আটক করা হয়।

রুহুল আমিন নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।  গুলশান থানার পুলিশ বলছে, রুহুল আমিন বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

অন্যদিকে ওমর ফারুকের নাম ছাড়া আর কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক দুই জনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।