রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগ।
শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন সাজ্জাদ হোসেন আশিক (২০)।
ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারকে থামানোর জন্য দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ সিগন্যাল দেন। গাড়িটি থামার পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেলে ধাওয়া করে গাড়িটি থামাতে সক্ষম হন। পরে উপস্থিত জনতার সহযোগিতায় চালকের পাশের আসনে থাকা সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ সময় গাড়ির চালক কৌশলে স্পোর্টস কারটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আটক সাজ্জাদ হোসেন আশিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন