রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হওয়া দুদকের মহাপরিচালক মোতাহার হোসেনের দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাতে মোবাইল ফোন দুটি উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেফতারের তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
গ্রেফতার দুজন হলেন- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
এর আগে শনিবার রাতে তারাবির নামাজ শেষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে হাঁটাহাঁটির সময় ছিনতাইয়ের শিকার হন দুর্নীতি দমন কমিশনের এই মহাপরিচালক।
মামলার অভিযোগ অনুযায়ী, তিন ছিনতাইকারী তার কাছ থেকে দুটি আইফোন, মানিব্যাগ ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। এ সময় মোবাইল ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে তারা সামুরাই ধরনের ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মারে। পরে বাধ্য হয়ে তিনি পাসওয়ার্ড দেন।
ঘটনার পর রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।
এর আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানিয়েছিলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে কয়েক ঘণ্টার মধ্যেই দুই আইফোন উদ্ধারসহ দুইজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশশের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন