ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ট্রলার জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি- সংগৃহীত

দেশের সামুদ্রিক স্বার্থ সংরক্ষণ, নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১ এপ্রিল) নৌবাহিনীর একটি টহল দল কুতুবদিয়াস্থ লেমশীখালী এলাকার অদূরে ভোলা খালের নিকটবর্তী তীর থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার এবং ৪৯৫ বস্তা সিমেন্ট জব্দ করে।

বাংলাদেশ নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লেমশীখালী এলাকায় একটি চক্র মিয়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের প্রেক্ষিতে কুতুবদিয়ায় মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করে।

গতকাল রাত আনুমানিক ৩টার দিকে নৌবাহিনীর একটি টহল দল লেমশীখালী এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ভোলা খালের নিকটবর্তী তীরে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নোঙর করা অবস্থায় শনাক্ত করে। টহল দলটি ট্রলারের কাছে গিয়ে কোনো মাঝিমাল্লা দেখতে না পেয়ে সেটিকে সন্দেহজনক মনে করে। এ সময় ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৪৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে জব্দকৃত ট্রলার ও সিমেন্ট কুতুবদিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে বেশি দামে বিক্রির আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে।