অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। করদাতাদের সুবিধার্থে এবং অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে এই সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র।
এনবিআরের একাধিক সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের প্রস্তুতির জন্য বাড়তি সময় দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। যদিও আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছে। সে কারণেই আবারও সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, সময় বাড়ানোর বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। যেহেতু প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, তাই বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে তিনি তখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন