ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:২১ পিএম
মো. ওয়াহেদুজ্জামান সরদার।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে পরিচালক (গবেষণা) পদে উন্নীত করা হয়েছে।

উল্লেখ্য, ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি উপ-বিভাগ এবং ইসলামি অর্থনীতি উপ-বিভাগে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণায় যুক্ত ছিলেন।

২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন। সেখানে টানা ১৮ বছর ওপেন মার্কেট অপারেশন (ওএমও) এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

অর্থনীতি ও ফাইন্যান্সের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তার উল্লেখযোগ্য গবেষণা রয়েছে। জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামি অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষিঋণ ও মোবাইল ব্যাংকিং বিষয়ে তার লেখা ১৫টি প্রবন্ধ দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

এ ছাড়া সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ভোক্তাঋণ সংক্রান্ত বিভিন্ন গবেষণা কার্যক্রমে যুক্ত থেকে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।