জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদানের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে করদাতাদের যে জটিলতা বা ঝামেলা রয়েছে, তা নিরসনে পরিপত্র জারি করা হয়েছে। যেসব ক্ষেত্রে সার্কেল এন্ট্রি দেওয়া হয়নি বা কাগজে রিটার্ন জমা দেওয়া হয়েছে, সেগুলো এনবিআর থেকে অনলাইনে এন্ট্রি করা হবে।
এনবিআরের সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল করা হবে উল্লেখ করে তিনি বলেন, সংস্থাটির সব কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ করতে চায় কর্তৃপক্ষ। প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এর মূল লক্ষ্য হলো করদাতাদের হয়রানি কমানো।
তিনি আরও বলেন, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল কিংবা অর্থ গ্রহণের জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে সরাসরি উপস্থিত হতে হবে না।
এনবিআর চেয়ারম্যান জানান, এ-সংক্রান্ত কোনো তথ্য বা সহযোগিতার প্রয়োজন হলে করদাতাদের সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন