ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার : গভর্নর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ১১:১৬ এএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি : সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।

ড. আহসান এইচ মনসুর বলেন, আমার মনে হয় না, বর্তমান সরকার নির্বাচনের আগে পে স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। এক মাস পরই নির্বাচন। এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। নির্বাচন-পরবর্তী সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।

ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

এ ছাড়া তিনি দেশের আমদানি নীতিকে জটিল উল্লেখ করে বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো পণ্য আমদানি না হওয়ায় বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।