একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য তাদের জমাকৃত আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক এই দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আমানতের একটি অংশ কেটে রাখা হবে, যা একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর হবে।
বুধবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে পাঁচটি ব্যাংকের প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর সব আমানত হিসাব নতুন করে পুনর্গণনার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাপী ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে আমানতের ওপর হেয়ারকাট একটি স্বীকৃত পদ্ধতি। সেই নীতির আলোকে দেশের ব্যাংক খাতেও এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
যে পাঁচটি ব্যাংক একীভূত হচ্ছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এসব ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে পাঁচটি ব্যাংক ধীরে ধীরে বিলুপ্ত হবে এবং তাদের সম্পদ, দায় ও জনবল নবগঠিত ব্যাংকের অধীনে চলে যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্ট থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংক খাতে চলমান ‘ব্যাংক রেজুলেশন স্কিম’ বাস্তবায়নের অংশ হিসেবে সব আমানত হিসাবের স্থিতি পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য কোনো আমানতের ওপর মুনাফা গণনা করা হবে না। নির্ধারিত হেয়ারকাট প্রয়োগ করে চূড়ান্ত আমানত স্থিতি নির্ধারণ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের ক্ষেত্রে দুই বছরের মুনাফা বাদ দিয়েই নতুন করে আমানতের হিসাব নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত রেজুলেশন স্কিম অনুযায়ী, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে, যা ‘ক’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে।
এ ছাড়া, পাঁচ ব্যাংকে আমানত রাখা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের একটি অংশ থেকে সাড়ে ৭ হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা ‘খ’ শ্রেণির শেয়ার হিসেবে বিবেচিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের অংশ থেকেও আরও সাড়ে ৭ হাজার কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হবে, যা ‘গ’ শ্রেণির শেয়ার হিসেবে গণ্য হবে।
রেজুলেশন স্কিমে আরও বলা হয়েছে, নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় হবে ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে। একীভূতকরণ কার্যকর হওয়ার পর পাঁচ ব্যাংকের ২ লাখ টাকা পর্যন্ত আমানত যেকোনো সময় উত্তোলন করা যাবে। ২ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে প্রতি তিন মাসে ১ লাখ টাকা করে উত্তোলনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে। মেয়াদি ও স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণসুবিধা নেওয়ার সুযোগ থাকবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ শেষে পরিশোধযোগ্য হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন