ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১২ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৪৩ পিএম
স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ শনিবার (৩১ জানুয়ারি) সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।