আসন্ন ঈদকে সামনে রেখে পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে সহজ শর্তে ১৪ হাজার কোটি টাকার প্রণোদনা চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে সংগঠনের নেতারা দুই মাসের সমপরিমাণ বেতনের অর্থ সহায়তার দাবি জানান। তাদের ভাষ্য, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ব্যবসায়িক কার্যক্রমে। রপ্তানি আদেশ ও নগদ প্রবাহে চাপ তৈরি হওয়ায় প্রণোদনা ছাড়া শ্রমিকদের পাওনা পরিশোধ কঠিন হয়ে পড়তে পারে।
বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দুজ্জা চৌধুরী জানান, প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে বিদ্যমান পুনঃঅর্থায়ন স্কিমের আকার ৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি এ তহবিলের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোরও দাবি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিজিএমইএর প্রস্তাবসহ সকল প্রস্তাবই নতুন সরকারের নীতিগত অবস্থান পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন