রমজান মাসের মাঝামাঝি এসে রাজধানীর নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বেড়েছে লেবু, শসা, কলা, পেঁয়াজ, আলু, বেগুনসহ সব ধরনের সবজির। তাই দাম কিছুটা কমেছে।
তবে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল হওয়ার পর আমদানি মসলার দাম কেজিপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগির দামও।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর একাধিক পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, রমজানের শুরুর দিকের চেয়ে এখন সবজির দাম কিছুটা কমেছে। লেবুর দাম হালিপ্রতি ৭০-৮০ টাকায় নেমে এসেছে, যা দুই সপ্তাহ আগে ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছিল। ছোট লেবুর হালি এখন ৩০-৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। প্রতি কেজি দেশি শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর হাইব্রিড শসা ৫০-৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, যা আগে ১০০-১২০ টাকা ছিল। টমেটোর দাম কেজিপ্রতি ৬০-৮০ থেকে কমে ৩০-৫০ টাকায় নেমে এসেছে।
পেঁয়াজের দামও কমেছে। মিরপুর-১ নম্বরের একজন ক্রেতা বলেন, রমজানের শুরুতে তিন কেজি পেঁয়াজ ২০০ টাকায় কিনেছিলাম। আজ ১২০ টাকায় কিনলাম। খুচরা বিক্রেতারা জানান, ৬০-৭০ টাকার পেঁয়াজ এখন ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও কেজিপ্রতি ২০-২৫ টাকা থেকে কমে ১৫-২০ টাকায় নেমেছে। অনেকে ১০০ টাকায় সাত কেজি আলু বিক্রি করছে।
একই দৃশ্য ফলের বাজারেও। সাগর কলার ডজন ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ১৮০-২০০ টাকা ছিল। আপেল ও মাল্টার দাম কেজিপ্রতি প্রায় ৫০ টাকা কমেছে। পেঁপের দামও কমেছে।
গরুর মাংসের দাম সামান্য কমে কেজিপ্রতি ৭৫০-৭৭০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস আগের মতোই কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কমে ডজন ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগি একটু বেড়ে কেজিপ্রতি ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩০০ টাকাই; আগের দাম। স্থিতিশীল রয়েছে চালের বাজার।
রজনীগন্ধা সুপারমার্কেট (সেনানিবাসসংলগ্ন কচুক্ষেত) কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী আলমগীর বলেন, সবজির সরবরাহ বাড়ছে, কিন্তু ক্রেতার সংখ্যা কম, তাই দাম কমছে। ঈদের আগ পর্যন্ত দাম কমই থাকতে পারে।
ব্যবসায়ী আনোয়ার বলেন, এবার পেঁয়াজের উৎপাদনে প্রতি কেজিতে খরচ হয়েছে ৩৬-৩৭ টাকা। রমজানের শুরুতে কৃষকরা ৪৬-৪৭ টাকায় বিক্রি করে লাভ করেছিলেন। কিন্তু এখন গ্রামের বাজারে দাম ২৪-২৫ টাকায় নেমে এসেছে। ঢাকায় পাইকারি বাজারে পেঁয়াজ ২৭-২৮ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন