জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কুমিল্লার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সাইদুজ্জামান কমল। রোববার (৮ মার্চ) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে জেসিআই কুমিল্লার প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
সাইদুজ্জামান কমল ভাইয়া গ্রুপ ও প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিল্পপতি এবং ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন নবনির্বাচিত প্রেসিডেন্টের গলায় প্রেসিডেন্ট ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে জেসিআই কুমিল্লার সাবেক প্রেসিডেন্ট সালাউদ্দিন সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুজ্জামান কমল তার বক্তব্যে বলেন, তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জেসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, ভবিষ্যতে জেসিআই কুমিল্লার কার্যক্রমকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে নানা ধরনের উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করাই হবে সংগঠনের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জেসিআই কুমিল্লা আগামী দিনে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন