ময়মনসিংহের ত্রিশালে আকিজ সিরামিকস লিমিটেডে ১৮.৬৯ মেগাওয়াটপিক ক্ষমতার রুফটপ সোলার প্রোজেক্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এই প্রজেক্টটি উদ্বোধন করা হয়।
এই প্রকল্পটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) অর্থায়ন করেছে এবং এটি শিল্পখাতে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান। এ ছাড়া উপস্থিত ছিলেন কেএফডব্লিউর (KfW) পরিচালক মাইকেল সামসার-হেলস্টার্ন, ইডকল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ এবং আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস. কে. বশির উদ্দিন।
মোট ১০১.৪৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পের মধ্যে প্রায় ৭৬.৮৩ কোটি টাকা অর্থায়ন করেছে ইডকল। এটি প্রতিবছর প্রায় ১৯,৫০০ মেগাওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে এবং বছরে প্রায় ১৪,৬২৬ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসে সহায়তা করবে। প্রকল্পটির মোট সক্ষমতার মধ্যে ১০ মেগাওয়াটপিক ইতোমধ্যেই নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত হয়েছে।
প্রধান অতিথি উলরিখ ক্লেপম্যান বলেন, প্রকল্পটি জার্মানি ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিতার শক্তিশালী অংশীদারিত্বের উদাহরণ। মাইকেল সামসার-হেলস্টার্ন বলেন, ইডকলকে প্রদত্ত ৬০ মিলিয়ন ইউরোর অর্থায়ন শিল্পখাতে কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ বিনিয়োগে সহায়তা করছে।
ইডকলের নির্বাহী পরিচালক আলমগীর মোরসেদ বলেন, বেসরকারি খাতে রুফটপ সৌর বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে এবং ২০৩০ সালের মধ্যে ইডকল ১,১৫০ মেগাওয়াটপিক রুফটপ সৌর বিদ্যুৎ অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। আকিজ বশির গ্রুপের এস. কে. বশির উদ্দিন বলেন, প্রকল্পটি গ্রুপের টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।
উদ্বোধনের শেষে অতিথিরা সৌর বিদ্যুৎ স্থাপনা এবং কারখানা প্রাঙ্গণ পরিদর্শন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন