পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ছুটির প্রভাবে বদলে গেছে রাজধানীর কাঁচাবাজারের চিত্র। নাড়ির টানে রাজধানীবাসীর একটি বড় অংশ ঢাকা ছাড়ায় বাজারে ক্রেতার আনাগোনা এখন বেশ কম। বাজারে পর্যাপ্ত জোগান থাকলেও ক্রেতা সংকটে নিম্নমুখী হয়ে পড়েছে অধিকাংশ সবজির দাম।
রোজা ও ঈদের আগের তুলনায় সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। তবে এই স্বস্তির বাজারে কেবল লেবুর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে; মানভেদে প্রতি হালি লেবু এখনো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।
আজ সোমবার (২৩ মার্চ) রাজধানীর মালিবাগ, কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর বাজার, কাপ্তান বাজার, মহাখালী, রামপুরাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজির সরবরাহ বাড়লেও নেই আগের মতো হাঁকডাক।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে এখন যে পণ্যগুলো আছে তার বেশিরভাগই ঈদের আগে কেনা। নতুন করে পণ্য খুব একটা আনা হয়নি। অনেক সবজি কেনা দামের চেয়েও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন খুচরা বিক্রেতারা।
সালাদ সামগ্রীর বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। রামপুরা বাজারের এক ব্যবসায়ী জানান, শসা ও টমেটো এখন লোকসানে বিক্রি করছেন তিনি। ৬০ টাকা দরে কেনা শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। টমেটোর কেজি নেমেছে ৪০ টাকায়। এছাড়া রমজান মাসজুড়ে চড়া দামে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ১২০ টাকার নিচেই মিলছে।
রমজানে শতকের ঘর ছাড়িয়ে যাওয়া পটল, করলা ও বরবটির দাম এখন ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। দেশি শিম মিলছে ৬০ টাকা কেজিতে। বেগুনের দাম ১০০ টাকা থেকে কমে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজির বাজারে সবচেয়ে সস্তায় মিলছে কাঁচা পেঁপে, যা কেজিপ্রতি মাত্র ২৫ টাকা। এছাড়া প্রতি পিস চাল কুমড়া ৬০ টাকা এবং লাউ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে পেঁয়াজ ও আলুর বাজারে। রমজানের শুরুতে যে পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন খুচরা বাজারে ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছে। আলুর দামও কেজিপ্রতি ২০-২৫ টাকা থেকে কমে ১৫-২০ টাকায় দাঁড়িয়েছে।
তবে মসলার বাজারে আমদানি করা রসুন ২২০ টাকা এবং আদা ১৮০ টাকা কেজিতে অপরিবর্তিত রয়েছে।
এদিকে, নতুন সবজির মধ্যে সজনে ডাঁটা ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা এবং ঢেঁড়স ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
গাজরের দাম গত সপ্তাহের তুলনায় ৩০ টাকা কমে এখন ৫০ টাকায় নেমেছে। শীতকালীন সবজির মধ্যে মাঝারি সাইজের বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন