ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আইএমএফের ঋণের নতুন কিস্তি পাচ্ছে না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

রাজস্ব ও ব্যাংক খাতে সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না থাকায় বাংলাদেশের চলমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনে ছাড় না করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দল এ তথ্য নিশ্চিত করে। চলমান ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের কিস্তি জুনে ছাড় হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। এখনো বাংলাদেশ এই কর্মসূচির আওতায় মোট ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে, যার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে।

আইএমএফ জানিয়েছে, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি প্রত্যাহার এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় কিস্তি ছাড়ের বিষয়ে তারা সন্তুষ্ট নয়। সংস্থাটি আরও জানায়, এসব শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা না করে নতুন কিস্তি ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি দলের একজন সদস্য জানান, আইএমএফ হয়তো এই পর্যালোচনায় দীর্ঘ সময় নিতে পারে। ফলে সব শর্ত মানা হলেও সেপ্টেম্বরের আগে অর্থ ছাড়ের সম্ভাবনা কম। এদিকে আইএমএফ চলমান কর্মসূচির পরিবর্তে নতুন শর্তে নতুন ঋণ কর্মসূচির বিষয়ে বেশি আগ্রহী বলেও জানা গেছে।