বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬–২০২৮-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১টার দিকে আনুষ্ঠানিক ফল প্রকাশ করে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ড. মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে জয়ী হন।
সহসভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহসভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহসভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহসভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে জয়ী হন। চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে পরিচালক নির্বাচিত হয়েছেন উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব। তারা উভয়েই ৩০৪ ভোট পেয়েছেন।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার ও আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।
নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মো. শরিফুল ইসলাম। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন মো. জাহিরুল হক ভূইয়া।
প্রসঙ্গত, রিহ্যাব নির্বাচন দেশের আবাসন খাতের ব্যবসায়িক নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন