নগদ অর্থের সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ বা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে বিপুলসংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। এর ফলে ব্যাংকটিতে তারল্য সংকট দেখা দেয়। পরবর্তীতে অনেক গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে হিমশিম খেতে হয় ব্যাংকটিকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) সংরক্ষণেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এ পরিস্থিতিতে গত সপ্তাহে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ইসলামী ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঈদের পর থেকেই ব্যাংকটিতে আন্দোলন চলছে। এর মধ্যেই বিপুল পরিমাণ আমানত উত্তোলনের কারণে ব্যাংকটির ওপর তারল্য চাপ তৈরি হয়। সেই চাপ সামাল দিতেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার সহায়তা চাওয়া হয়েছিল।
এর আগে গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। গ্রাহকদের টাকা উত্তোলনে কোনো সমস্যা হবে না।’
কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তার মাধ্যমে ইসলামী ব্যাংকের চলমান তারল্য সংকট কিছুটা প্রশমিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নয়ন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন