ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিদেশি বিনিয়োগে আস্থা ফেরানো সম্ভব : চৌধুরী নাফিজ সারাফাত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৫:২৭ পিএম
দ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত। ছবি : সংগৃহীত

বাংলাদেশে আবারও কার্যকর বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা সম্ভব বলে মনে করেন পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিজের অভিজ্ঞতা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে নাফিজ সারাফাত বলেন, একজন বিদেশি বিনিয়োগকারীকে শুধু বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেই তারা বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন না। বিনিয়োগকারীরা জানতে চান—প্রকল্প বাস্তবায়ন হবে কি না, ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, সরকার কী ধরনের সহযোগিতা দেবে এবং প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের ওপর কতটা আস্থা রাখা যায়।

তিনি বলেন, এসব প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর দিয়েই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা সম্ভব হয়েছিল। শুধু সম্ভাবনার কথা না বলে বাস্তবায়নের সুস্পষ্ট পথ দেখানোই ছিল মূল কৌশল।

তিনি উদাহরণ হিসেবে ইউনিক মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টের কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এই প্রকল্পে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই) এবং কাতারের নেব্রাস পাওয়ারকে অংশীদার করা হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক অর্থায়নের সুযোগ তৈরি হয় এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড, এআইআইবি, ডিইজি, সার্ভ ও ওপেক ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘমেয়াদি অর্থায়ন পাওয়া যায়।

নাফিজ সারাফাত আরও বলেন, করোনা মহামারির মতো বৈশ্বিক সংকটের মধ্যেও প্রকল্পটির কাজ বন্ধ হয়নি এবং সফলভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বিদ্যুৎ খাতের পাশাপাশি ডিজিটাল অবকাঠামোতেও একই ধরনের আস্থার প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি। তার মতে, প্রস্তাবিত ‘বাঘা-১’ সাবমেরিন কেবল প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির (USTDA) অনুদান আন্তর্জাতিক আস্থার আরেকটি উদাহরণ।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শুধু নির্দিষ্ট কোনো প্রকল্প নয়, বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরাই ছিল তার বড় সাফল্য।