পর্যটন নগরী কক্সবাজারের হোটেল দি সী-প্রিন্সেস-এর নাগর ব্যানকুয়েট হলে সম্প্রতি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের তিন দিনব্যাপী কনফারেন্সের আয়োজন হয়।
‘Rebuild Trust on ICB Islamic Bank’ বা ‘আইসিবি ইসলামিক ব্যাংকের ওপর আস্থা পুনর্গঠন’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিষ্ঠানটির ‘বিজনেস কনফারেন্স ২০২৫’, ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০’ এবং ‘এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে ব্যাংকটির আমানতকারী, বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং সারা দেশের বিভিন্ন শাখা থেকে আগত প্রায় ২০০ কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের পরিচালক এবং আকিজ মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিনের উপস্থিতি। তার বক্তব্যে আইসিবি ইসলামিক ব্যাংকের সঙ্গে পুনরায় ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ইতিবৃত্ত তুলে ধরেন।
তিনি জানান, বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমানের চৌকস নেতৃত্ব ও সুশাসনে মুগ্ধ হয়ে আকিজ মটরস পুনরায় এই ব্যাংকের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে। বর্তমানে আকিজ সিএনজি স্টেশনের লেনদেন এই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং শিগগির আকিজ গ্রুপের সব শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতাসহ অন্যান্য যাবতীয় লেনদেন আইসিবি ইসলামিক ব্যাংকের মাধ্যমে পরিচালনার ঘোষণা দেন তিনি। ব্যাংকের আধুনিক গ্রাহকসেবা ও শক্তিশালী ব্যবস্থাপনারও ভূয়সী প্রশংসা করেন এই শীর্ষ ব্যবসায়ী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংক থেকে ডেপুটেশনে কর্মরত অতিরিক্ত পরিচালক ডক্টর সুমন্ত কুমার সাহা ব্যাংকের ২০২৬-২০৩০ মেয়াদী পাঁচ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা ও তা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেগুলেটরি কমপ্লায়েন্স অনুসরণ করে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রথম সারির একটি শক্তিশালী ইসলামী ব্যাংকে উন্নীত করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া করপোরেট ক্লায়েন্ট হিসেবে প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রাহাত খলিলসহ বিভিন্ন শীর্ষ ব্যবসায়ীরা এই ব্যাংকের সাথে তাদের বাণিজ্যিক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।
আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ‘এমপ্লয়িজ কনফারেন্স’-এ বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ তাদের দৈনিক কার্যক্রমের সীমাবদ্ধতা, সমস্যা ও আগামীর সম্ভাবনাগুলো সরাসরি চেয়ারম্যানের সামনে উপস্থাপন করেন। মো. মজিবুর রহমান প্রতিটি বিষয়ের গঠনমূলক ব্যাখ্যা প্রদান করেন এবং তাৎক্ষণিক সমাধানের পথ বাতলে দেন।
ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের বড় কর্মসূচি গ্রহণের ফলে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অংশগ্রহণকারী কর্মকর্তারা ব্যক্তিগত অর্থায়নে হলেও নিয়মিত এ ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানান।
পরিশেষে, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি বিশ্বাস করেন, সঠিক নেতৃত্ব এবং গ্রাহক ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আইসিবি ইসলামিক ব্যাংক খুব শিগগিরই দেশের ব্যাংকিং খাতে এক অনন্য মাইলফলক স্থাপন করবে। মূলত আস্থার সংকট কাটিয়ে নতুন উদ্যমে পথচলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন