দীর্ঘদিন ধরে বেতনবৈষম্যের অভিযোগ তুলছিলেন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত কারিগরি শিক্ষকরা। অবশেষে তাদের বেতন ও ভাতার বিষয়ে বড় সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, কারিগরি শিক্ষকরা তাদের বকেয়া বেতন পাবেন এবং এখন থেকে অন্য শিক্ষকদের মতোই সময়মতো বেতন-ভাতা পাবেন।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি যেদিন থেকে কাজ শুরু করেছেন, সেদিন থেকেই পারিশ্রমিক পাওয়া উচিত। আমাদের ইসলামে শ্রমিকের ঘাম শুকানোর আগেই বেতন দেওয়ার কথা বলা হয়েছে।’
এহছানুল হক মিলন আরও বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষকরা যোগদানের দিন থেকে বেতন পান, কিন্তু কারিগরি শিক্ষকদের ক্ষেত্রে যদি বৈষম্য হয়ে থাকে, তা ঠিক নয়। বিষয়টি আমরা দেখব এবং সমাধান করব।’
উল্লেখ্য, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত কারিগরি শিক্ষকরা ২০২৫ সালের সেপ্টেম্বরে যোগদান করেছেন। তবে বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় যোগদানের পরের তিন মাসের বেতন তারা পাননি। এখন শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই বকেয়া বেতনও শিক্ষকদের দেওয়া হবে।
শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ফলে কারিগরি শিক্ষকরাও স্কুল-কলেজের শিক্ষকদের মতোই যোগদানের দিন থেকে বেতন ও ভাতা পাবেন, যা দীর্ঘদিন ধরে বেতনবৈষম্য দূর করার প্রতিশ্রুতির অংশ হিসেবে ধরা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন