দেশের সব প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ও সহকারী ইনস্ট্রাক্টরদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৯ মার্চ) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি দেশের সব ইউপিটিসির ইনস্ট্রাক্টর ও সহকারী ইনস্ট্রাক্টরদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিখন-শেখানো কার্যক্রমের উন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ জন্য ইউপিটিসির ইনস্ট্রাক্টর ও সহকারী ইনস্ট্রাক্টরদের প্রতি মাসে কমপক্ষে ১০টি বিদ্যালয় নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের পর প্রস্তুত করা প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অনেক কর্মকর্তার ২০২৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসের পরিদর্শন প্রতিবেদন এখনো দপ্তরে জমা পড়েনি। যেসব প্রতিবেদন পাওয়া গেছে, তার মধ্যে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পরিদর্শন নির্ধারিত কার্যপরিধি অনুযায়ী করা হয়নি।
এ ছাড়া কিছু প্রতিবেদনে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে ঘাটতি কিংবা মাঝেমধ্যে পাঠ পরিকল্পনার ব্যবহার, এ ধরনের মন্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। অনেক ক্ষেত্রে প্রতিবেদনে বাংলা বানানের ব্যবহারে অসচেতনতাও লক্ষ্য করা গেছে।
এ পরিস্থিতিতে অধিদপ্তর সূত্রোক্ত চিঠির নির্দেশনা অনুসরণ করে যথাযথভাবে বিদ্যালয় পরিদর্শন সম্পন্ন করার এবং প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে হার্ডকপি আকারে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন