চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদপ্রত্যাশীদের উদ্দেশে বার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (২৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদল দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবি জানায় এবং বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে স্বাভাবিক গতিতে এগোচ্ছে। প্রক্রিয়ার প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।
তিনি আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, চলমান প্রক্রিয়ার প্রতি আস্থা রেখে অযথা জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন স্থগিত করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়া উচিত।
এদিকে আজ সোমবার একই দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন প্রার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন