ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেখ হাসিনাসহ জড়িতদের ফিরিয়ে দিতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:৪৭ এএম

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাইয়ে গণহত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘মার্চ টু  হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। একই সঙ্গে ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করা রাজনৈতিক দল, গণমাধ্যম ও কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে সংগঠনটি। আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় আগ্রাসন ও হস্তক্ষেপ একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত যেসব ব্যক্তি ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হলো ক্রমাগত ভারতীয় আগ্রাসন। 

তিনি বলেন, জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা ভারতে পালিয়ে আছে, তাদের প্রত্যর্পণ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ভারতীয় হাইকমিশনের দিকে এই মার্চ কর্মসূচি পালন করা হবে।

এবি জুবায়ের আরও বলেন, ভারতীয় মদদপুষ্ট কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল যেন বাংলাদেশে কার্যক্রম চালাতে না পারে, সে দাবিতেও এই কর্মসূচিতে প্রতিবাদ জানানো হবে।