জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টায়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
চলতি শিক্ষাবর্ষে বাণিজ্য অনুষদের এই ইউনিটে ৫২০টি আসন রয়েছে। এসব আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৪০ জন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার তিনটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলো হলো—বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল।
পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। এর মধ্যে ৭২ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। বাকি ২৮ নম্বর নির্ধারিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। পরীক্ষায় ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় থেকে প্রশ্ন থাকবে।
বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে না।
এর আগে ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে ৯ জানুয়ারি। ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

