জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন।
রিয়াজুল ইসলাম বলেন, আমার স্ত্রী ১৪ ব্যাচের মাহিমা আক্তারকে ছাত্রদল হেনস্তা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে আমরা দেখাবো কীভাবে তাদের গ্রেপ্তার করানো যায়।
তিনি আরও বলেন, ফিজিক্স ও ইসলামিক হিস্ট্রি বিভাগের আরও চার নারী শিক্ষার্থীকে হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় বিচার নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি।
রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি জনবহুল ক্যাম্পাস। সাধারণ পথচারীরাও এখানে থাকে। তাদের ‘জামায়াত’ ট্যাগ দিয়ে হেনস্তা করেছে ছাত্রদল। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনা নিয়ে পূর্বে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী গণনা করতে হবে এবং কোনো প্রকার পরিবর্তন গ্রহণযোগ্য নয়। ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত রাষ্ট্রের সহযোগিতা কাম্য। শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, সেটিই ঘোষণা করা হোক। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না।
রিয়াজুল ইসলাম আরও জানান, “ক্যাম্পাসের ভেতরের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। বাইরে ঘটে যাওয়া ঘটনার কারণে ভোট প্রভাবিত হয়নি।
এর আগে, দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় গত ৩০ ডিসেম্বর। ওই দিন সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পর জরুরি সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন