জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে জয়ী হওয়ার পর নিজের বিজয় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদি এবং জুলাই বিপ্লবে শহীদদের উৎসর্গ করেছেন নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসু নির্বাচনের ফল প্রকাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে রিয়াজুল ইসলাম বলেন, আমাদের এই বিজয় শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিত দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করছি।
নির্বাচনী প্রচারণা ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রিয়াজ বলেন, বিশেষ করে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের সহযোগিতার কারণেই এই নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র্যাব, এপিবিএন, ডিজিএফআই, এনএসআই, বিএসএসসি, রোভার স্কাউট ও রেঞ্জার সদস্যদের প্রতিও ধন্যবাদ ও শ্রদ্ধা জানান।
নবনির্বাচিত ভিপি বলেন, নির্বাচিত হয়ে আমরা ভিন্ন কেউ হয়ে যাইনি। আমরা যে পরিচয়ে ছিলাম, সেই পরিচয়েই থাকব। শিক্ষক-ছাত্র, বন্ধু ও সহপাঠীদের সম্পর্ক অটুট রাখব। আমাদের কোনো ভুল হলে আপনারা তা ধরিয়ে দেবেন, পরামর্শ দেবেন। সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ বাস্তবায়ন করব।
ক্যাম্পাসে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য অটুট রেখে সব সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীর কাজগুলো বাস্তবায়ন করতে চাই। আমাদের স্লোগান ছিল ‘সংগ্রামে সম্ভাবনা, একসঙ্গে পথে চলা’। এই আদর্শ নিয়েই আমরা ভবিষ্যতের পথে এগিয়ে যাব।

-20260107183507.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন