ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবারও পেছাল ব্রাকসু নির্বাচন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:০৮ এএম
রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (১১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে দীর্ঘ এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় শুরু হওয়া সভাটি প্রায় ছয় ঘণ্টা চলে এবং রাত ৯টার দিকে শেষ হয়।

বারবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনী তফসিল পরিবর্তন এবং নির্বাচন কমিশনকে ঘিরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে এই সভা আহ্বান করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, নির্বাচন কমিশনাররা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি এবং ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র সমন্বয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনী কার্যক্রম চালু রাখার লক্ষ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্তমান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া পরবর্তী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিককে নির্বাচন কমিশনে অন্তর্ভুক্ত করে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সিন্ডিকেট সভা ছাড়া নতুন কাউকে নির্বাচন কমিশনে যুক্ত করার সুযোগ না থাকায় আপাতত এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, আগামীকালই নির্বাচন কমিশনাররা বসে ভোটার তালিকা নিয়ে উত্থাপিত আপত্তিগুলো নিষ্পত্তি করবেন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, ২৫ ফেব্রুয়ারিকে সামনে রেখে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ঘোষিত তফসিল অনুযায়ী চলতি জানুয়ারির ২১ তারিখ ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের পর তফসিল ঘোষণার পরও নির্বাচনী কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।