ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাকসু গঠনের দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন জাককানইবির শিক্ষার্থীদের

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (নাকসু) নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘তুমি চাও আমি চাই, নাকসু নাকসু’, ‘নজরুলিয়ানরা চায় কী, নাকসু নাকসু’, ‘অবিলম্বে নাকসু, দিতে হবে দিতে হবে’, ‘টালবাহানা করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘রুখে দেওয়ার সাধ্য কার, নাকসু মোদের অধিকার’, ‘নজরুলিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, ‘আমরা অনেক আগে থেকেই নাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসন আমাদের কাছে মুলা ঝুলিয়ে রেখেছে—কখনো বলে গঠনতন্ত্র পাঠানো হয়েছে, আবার কখনো আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেয়। অথচ জবি গঠনতন্ত্র ছাড়াই ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করেছে। কিন্তু নজরুলিয়ানরা আন্দোলন করেও ফল পাচ্ছে না। আমরা আর এই আন্দোলনের মাঝামাঝি অবস্থায় থাকব না। দ্রুততম সময়ের মধ্যে নাকসু নির্বাচন না দিলে আরও কঠোর আন্দোলনে যাব।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মিশকাত জাহান তানভীর বলেন, ‘২০২৫ সাল থেকেই প্রশাসন নাকসু নিয়ে আমাদের মুলাবুঝ দিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আর কোনো মুলাবুঝ মানব না। গঠনতন্ত্র অবশ্যই শিক্ষার্থীদের অংশগ্রহণে তৈরি করতে হবে। শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘অবিলম্বে নাকসু নির্বাচনের একটি সুস্পষ্ট ও পরিকল্পিত রোডম্যাপ ঘোষণা করতে হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ভোটাধিকার হরণ করার অধিকার কারো নেই। জুলাই আন্দোলনের পর একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ সচল করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়েই গড়িমসি করছে। আমরা সব শিক্ষার্থীকে নিয়ে সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নিতে চাই।’

উল্লেখ্য, গতকাল ১৯ জানুয়ারি (সোমবার) নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (নাকসু) গঠন বিষয়ে ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউজিসি কর্তৃক চূড়ান্ত গঠনতন্ত্রের একটি ফরম্যাট বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। নির্ধারিত ফরম্যাট অনুযায়ী গঠনতন্ত্র তৈরি করে ইউজিসিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।