আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ক্যাম্পেইন চালাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গত শুক্রবার থেকে শুরু হওয়া ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এই ক্যাম্পেইনে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা ব্যানার ও ফেস্টুন ঝুলিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করে জনমত গঠনে ভূমিকা রাখছেন দলটির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, দোকানদার, ভ্যানচালক, বাসচালক এবং বিভিন্ন এলাকা থেকে শিক্ষা সফরে আসা দর্শনার্থীদের উদ্দেশে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এমপি পদে তারা যে দলকেই ভোট দিন না কেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে এর উপকারিতা এবং ‘না’ ভোট বিজয়ী হলে সম্ভাব্য ক্ষতির দিকগুলোও তারা তুলে ধরেন।
এ বিষয়ে জানতে চাইলে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছি, কারণ আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই অভ্যুত্থান করেছি, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সেই সংস্কারের পথ সুগম হবে। এছাড়া আমরা লক্ষ্য করেছি, ইতোমধ্যেই নামে-বেনামে, গোপনে ও প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু হয়েছে। এই আশঙ্কার জায়গা থেকেই মূলত আমাদের এই উদ্যোগ, যাতে রাষ্ট্রের আকাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়িত হয় এবং শহীদদের রক্তের ঋণ শোধ হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন