জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘হারমোনিয়াস ইভেনিং’। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের শিক্ষাজীবন সমাপ্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছিল সংগীত পরিবেশনা, নৃত্য পরিবেশনা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ এবং বন্ধুত্বের আড্ডা। দীর্ঘ শিক্ষাজীবনের শেষ সন্ধ্যাটি আবেগ, আনন্দ ও নস্টালজিয়ায় ভরপুর হয়ে ওঠে। সহপাঠী, শিক্ষক ও ক্যাম্পাসজীবনের নানা স্মৃতি শিক্ষার্থীদের কথায় ও অনুভূতিতে একে একে ভেসে ওঠে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবীর কুমার চক্রবর্তী বলেন,
‘১৫তম আবর্তনের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা শুধু একাডেমিক অর্জনেই নয়, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। আজ তাদের বিদায় দিতে গিয়ে গর্বের পাশাপাশি গভীর আবেগ কাজ করছে। আমরা আশা করি, তারা যেখানেই যাবে নজরুলের মানবিকতা ও বিদ্রোহী চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে।’
সংগীত বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী সৈতি মন্ডল বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয় আমাদের শুধু একটি ডিগ্রি দেয়নি, দিয়েছে জীবনবোধ ও আত্মপরিচয়। ‘হারমোনিয়াস ইভেনিং’ আমাদের জন্য বিদায়ের আয়োজন হলেও এটি আজীবনের স্মৃতিতে রয়ে যাবে। বন্ধুদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত খুব মিস করব।’
আরেক শিক্ষার্থী আশিক শেখ বলেন, ‘আজকের এই সন্ধ্যা আমাদের জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি। আনন্দের মাঝেও মন খারাপের অনুভূতি কাজ করছে। তবে এখান থেকে পাওয়া শিক্ষা, বন্ধুত্ব আর স্মৃতি আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।’
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে ছবি তোলেন, শুভকামনা বিনিময় করেন এবং আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। ‘হারমোনিয়াস ইভেনিং’ ১৫তম আবর্তনের শিক্ষার্থীদের জন্য শিক্ষাজীবনের এক স্মরণীয় বিদায়ক্ষণ হয়ে থাকবে।


