আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে নাট্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নাট্যসন্ধ্যাটি অনুষ্ঠিত হয়। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নাট্যরূপে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা তুলে ধরা হয় এতে।
জাকসুর নাট্যসম্পাদক রুহুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের মাটি ও মানুষ কারো তাঁবেদারি মেনে নেবে না, কেউ যদি গোলামির জিঞ্জির পড়িয়ে দিতে চায় আমরা বারবার আবু সাঈদ, মুগ্ধ হব। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার জমিনে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বা কোনো দেশের তাঁবেদারি করতে চায়, তাহলে আমাদের শিল্প, সাহিত্য, রচনা, গান, নাটক থেমে থাকবে না।’
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘আজকের নাট্যসন্ধ্যায় আমরা ‘ইন্দ্রপতন’ নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটকের মূল থিম ছিল ফ্যাসিবাদ কীভাবে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে বিচারব্যবস্থাকে ধ্বংস করে। এই প্রদর্শনের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বার্তা তুলে ধরাই ছিল উদ্দেশ্য। আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রেই ফ্যাসিবাদ, মিথ্যাচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন