ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একাডেমিক মানোন্নয়নে জবিতে বাহ্যিক মূল্যায়ন সেমিনার

জবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:৩৩ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের ইউজিসি–হিট (UGC–HEAT) সাব-প্রকল্পের উদ্যোগে “একাডেমিক প্রোগ্রামের বাহ্যিক গুণমান মূল্যায়ন: একাডেমিক উৎকর্ষ অর্জন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের লক্ষ্য ছিল বাহ্যিক গুণমান মূল্যায়নের মাধ্যমে একাডেমিক প্রোগ্রামগুলোর সার্বিক মান উন্নয়ন এবং উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নিয়ে শিক্ষা মানোন্নয়ন ও গুণগত নিশ্চয়তা বিষয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। তিনি বলেন, একাডেমিক প্রোগ্রামের মান উন্নয়নে ধারাবাহিক মূল্যায়ন এবং আন্তর্জাতিক মান অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে সভাপতিত্ব করেন হিট সাব-প্রকল্পের এসপিএম (SPM) ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অসোকে কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। তিনি বাহ্যিক গুণমান মূল্যায়নের কাঠামো এবং একাডেমিক উন্নয়নে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট সাব-প্রকল্পের এএসপিএম (ASPM) অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন। এছাড়া এসপিএমটি (SPMT) সদস্য অধ্যাপক ড. নূর মুহাম্মদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা তু জোহরা বিনতে জামান উপস্থিত ছিলেন।

তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান, শেখা ও গবেষণার মান উন্নয়নে কার্যকর কৌশল ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়। সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীরা বাহ্যিক মূল্যায়নের গুরুত্ব এবং এর মাধ্যমে স্থায়ী একাডেমিক উৎকর্ষ অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।