ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইবি শিক্ষিকা হত্যা: আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত তিন আসামির বিদেশে পালিয়ে যাওয়া ঠেকাতে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রোববার (১৫ মার্চ) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে দেশের সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞার বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানা গেছে।

এজাহারভুক্ত তিন আসামি হলেন- বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মুমেনীন আয়শা সিদ্দিকা হলের উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং হাবিবুর রহমান।

গত ৪ মার্চ বিকেলে নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর হাতে প্রাণ হারান বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনা। তাকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ঘাতক ফজলু। ঘটনার পরদিন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসামি ফজলুকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ‘হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশের পক্ষ থেকে আসামিদের গ্রেপ্তারের তৎপরতা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’