জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়েই আমরা একসঙ্গে কাজ করে যাব।
রোববার (২৯ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং সব স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরা এবং সমস্যা-সম্ভাবনা নিয়ে গঠনমূলক সমালোচনা করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছি। এখন আমাকে দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সঠিকভাবে কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের সবার। এখন এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, সবাইকে সঙ্গে নিয়েই একটি আধুনিক ও উন্নত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। এ যাত্রায় আপনাদের সবার সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছি।
সৌজন্য সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
-20260329124113.webp)

