ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাকা না পেয়ে অভিমান, বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:৩২ এএম
আজিমুল ইসলাম

পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহত্যার চেষ্টা করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম আজিমুল ইসলাম। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের (২০২২–২৩ সেশন) শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) আজিমুল ইসলাম বাড়িতে গিয়ে বাবার কাছে কিছু টাকা চান। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পারায় তিনি অভিমান করেন। পরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনাটি টের পেয়ে তার মা দ্রুত রশি কেটে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর আজিমুলের মৃত্যু হয়েছে। পরে গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।