ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১৯ এপ্রিল হতে যাচ্ছে হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:২৮ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) সপ্তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের প্রাপ্ত ক্ষমতাবলে ৭ম কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২৭) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

নির্বাচনি তপশিল অনুযায়ী ১৬ ও ১৭ এপ্রিল মনোনয়ন ফর্ম বিতরণ চলবে এবং ১৭ এপ্রিল মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে ১৮ এপ্রিলের মধ্যে তা করতে হবে। এরপর ১৮ এপ্রিল রাতে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে।

হাবিপ্রবি সাংবাদিক সমিতির বিদায়ী কমিটির সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন মানে শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, এটি ঐক্য, উদ্যম ও ভালোবাসার উৎসব।

নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই সমিতি সবার, তাই এর ভবিষ্যৎ গড়ার দায়িত্বও সবার। আমি বিদায় নিচ্ছি তবে সমিতির প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা চিরকাল থাকবে। নতুন নেতৃত্বকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।