ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেকোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনের নামে কোনো কার্যক্রম বা ভোটিং আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কাল, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো পেশাজীবী বা অন্যান্য সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করতে পারবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবগতি রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এই নির্দেশনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোট ও নির্বাচনি প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানকে নির্দেশনা মেনে চলতে হবে।


