বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগ নিশ্চিত করতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হলো— সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।
অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টা এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টা) কেউ নিজ দপ্তর ত্যাগ করতে পারবে না।
অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিজ বিভাগের প্রধান (রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রক)-এর অনুমতি গ্রহণ করে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা/কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে।
কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অফিস ত্যাগ করলে বা বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন