বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে দেওয়া শুরু হবে। ইতোমধ্যে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আজ থেকে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়া শুরু হবে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সবাই বেতন পেয়ে যাবেন। এ ছাড়া যেসব শিক্ষকের বেতন বকেয়া ছিল, কিন্তু ইএফটিতে সাবমিট করেছে, তাদের বকেয়াও ঈদের আগে দেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে (৮ অথবা ৯ মার্চ) দেওয়া শুরু হবে।
জানা গেছে, সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। ইএমআইএসের মাধ্যমে অনলাইনে তথ্য সংগ্রহ ও যাচাই হওয়ায় কাগজপত্রের জটিলতা কমেছে এবং ভুলত্রুটি দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।
শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই ডিজিটাল ব্যবস্থার ফলে বেতন প্রক্রিয়াকরণ আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীদের ভোগান্তিও আগের তুলনায় কমেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন, বকেয়া বেতনসহ উৎসব ভাতাও পেয়ে যাবেন।


