তথ্য ভুলের কারণে এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া বেতনের বিল সাবমিট চলমান রয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস)। সংস্থাটি জানায়, ঈদুল ফিতরের ছুটি শেষ হলে বকেয়া বিল ছাড়ের কাজ শুরু হতে পারে।
গতকাল সোমবার (২৩ মার্চ) মাউশির ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের দ্রুত বকেয়া বেতনের তথ্য সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বকেয়া বিল সাবমিটের সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে। কিন্তু অনেক শিক্ষক বিল সাবমিট না করায় তাদের সুযোগ দেওয়া হয়েছে
তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পর একটি মিটিংয়ে বিল সাবমিটের অপশন বন্ধ করে দেওয়া হবে। এরপর যারা বিল সাবমিট করেছেন, তাদের বকেয়া বেতন ও উৎসব ভাতাসহ টাকা প্রদান করা হবে।
এর আগে শিক্ষকদের অনাগ্রহের কারণে বিল সাবমিট কার্যক্রম ধীরগতিতে চলছিল। মাউশির কর্মকর্তারা শিক্ষকদের দ্রুত বিল সাবমিটের আহ্বান জানিয়েছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের জন্য ১ হাজার ৩৩৫ শিক্ষক বিল সাবমিট করেননি। তবে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী, বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শিক্ষকরা ধীরগতিতে বিল সাবমিট করছেন। তারা দ্রুত আবেদন করলে আমরা দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, এবং তারা টাকা পেতে পারবে। কিন্তু তারা বিল সাবমিট করছেন খুব ধীরগতিতে, আমরা তাদের জন্য অপেক্ষা করছি।
উল্লেখ, এর আগে অধিদপ্তরের এক চিঠিতেও ফেব্রুয়ারি মাসের বেতনের বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিল সাবমিট করতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে বেশিরভাগ শিক্ষক বিল সাবমিট করেননি, ফলে বেতন ছাড়েও বিলম্ব হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন