ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জানা গেল এসএসসির ফল প্রকাশের সাম্ভব্য তারিখ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:০৩ পিএম
ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল তৈরির সব কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শুরুতে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার চেষ্টা চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে দিন নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা বোর্ড ফল প্রস্তুতের কাজ শেষ করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ২৭ জুলাই সরকারি কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে এ তারিখকে সম্ভাব্য হিসেবে দেখা হচ্ছে।

এ বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার সেই সময়সীমা অতিক্রম করেছে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কম হয়েছে।